কবিতা

কবিকণ্ঠে ৫টি নতুন কবিতা | মাসুদার রহমান | কবিতাগুচ্ছ

জন্মদিন ১ সেপ্টেম্বর | কাব্যগ্রন্থ ১৪টি

তুমিই আমাকে কবিতা-সম্ভাবা করে তোল, এই কথা
রাষ্ট্র হবে ভেবে-
কবিতাপ্রসব করার পর, তোমার সঙ্গে কবিতার মিল
কৌশলে ঢেকে ফেলি

সামান্য দু’চারজন পাঠক আমার, ওরা ভাবে-
আমার ড্রেসআপ সেন্স মন্দ নয়
আশ্চর্য খয়েরি রঙের সিল্ক-বাটিক শাড়ির সঙ্গে
ম্যাচিং ব্লাউজ
ঘড়ি ব্যাসলেট আর লিপস্টিকের ম্যাচিংটাও বেশ কিন্তু

কবিতা-সম্ভাবা হলে ভেতরে মাতৃত্ববোধ জেগে ওঠে
পুরুষস্তনেও যেন ডাকে দুধের বান

পাঠক কী জানে, আমার কবিতার সন্তানের যে পিতা
সে আপাদমস্তক এক নারী

সবুজ ঘাসে নিঃশব্দ পা ফেলে, সকালের প্রান্তর
মাড়িয়ে
সবুজ বেড়াল হেঁটে আসছে

শৈশবে স্নানের পর শরীরে মেখেছি কত ঘানিভাঙা
সর্ষের তেল
ঠিক সেই সর্ষে তেলের মতো সকালের রোদ
বেড়ালের গা থেকে চুঁইয়ে পড়ছে

সবুজ বেড়াল সারাদিন প্রান্তর পেরিয়ে
যায় সন্ধ্যার কাছে

আমার জন্মদিন থেকে তোমার জন্মদিনের
দূরত্ব সামান্য
দুজনের জন্মদিনের মাঝে বিশাল এক প্রান্তর আছে
সেখানে সারাদিন
পাখিরা ডাকছে ফড়িং উড়ছে

দূর বনের গভীরে কোথাও বসে আছে
আশ্চর্য বেলুনঅলা
সে খুব কৌশলে ভাসিয়ে দিচ্ছে অজস্র গ্যাস বেলুন

আর সেই গ্যাস বেলুন উড়ে উড়ে আকাশ আঁকছে

আর সেই আকাশেই একদিন চাঁদ আর সূর্যের
মুখোমুখি দেখা হয়ে যায়

লাল টমেটোর কথা মনে পড়ে

মনে পড়ে, তোমার গালের পাশে ২২শে সেপ্টেম্বর
বিকেলের রোদ

আমি তাতে দিয়েছি কামড়

টাইটানিক ডুবে যেতে যেতে ঘাড় ঘুরিয়ে দেখেছিল-
সমুদ্রপাড়ে দাঁড়িয়ে
তোমার চোখে পৃথিবীর মধুরতম দৃশ্যটি কীভাবে উপভোগ করছো

বিভৎসতার ভেতরেও গোপন আলোর মতো সৌন্দর্য লুকানো

৭২ কেজি ওজনের মানুষটি; তার চেয়ে ঢের বেশি
ওজনের শিশ্নটি বইতে না পারার কষ্টে
তা কেটে প্রেমিকার কাছে পাঠিয়েছিল। আর তাতে
প্রতিদিনের পোশাকের সঙ্গে ম্যাচিং করে
রং-মেখে
চমৎকার মোড়কে মুড়িয়ে ঠোঁট রাঙাচ্ছে মহারানি

এক প্রজাপতি আর এক স্ত্রী প্রজাপতিকে ঘাসবনের ভেতরে
ট্রিগার চেপে দিয়েছিল

    Leave feedback about this

    • Rating

    PROS

    +
    Add Field

    CONS

    +
    Add Field